চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। রাত পৌনে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- একই গ্রামের মরহুম বিবাদ আলীর ছেলে  পিয়ার আলী মোল্লা (৫৫) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪৫)।

হাউলি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শাহা জামাল জানান, পিয়ার আলীর তার মেয়েকে শশুরবাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিল। দুপুর গড়িয়ে গেলেও কেউ মেয়েকে আনতে না গেলে মেয়ে বাবার বাড়িতে বারবার ফোন করেন কিন্তু রিসিভ হয়নি। সন্ধ্যার দিকে মেয়ে বাবার বাড়ি এসে ঘরের বন্ধ দরজা খুলে দেখেন মা ও বাবার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে। তার চিত্কারে প্রতিবেশীরা ছুটে আসে।  পরে পুলিশে খবর দেয়া হয়।

থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে ব্যাপারে কেউ কোনো অনুমান করতে পারছেন না।

দামুড়হুদা মডেল থানার এসআই বাকি বিল্লা ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন।