রাঙ্গামাটিতে আধাবেলার অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ)। গতকাল ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। অবরোধ কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সম্প্রতি বান্দরবানের দুই উপজেলায় তিন ব্যাংকে ডাকাতির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ‘নিরীহ মানুষকে নির্বিচারে গণগ্রেফতার, আটক ও হয়রানির’ প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ে ‘বাধা-নিষেধ’ প্রত্যাহার দাবিতে গত মঙ্গলবার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছিল ইউপিডিএফ। গতকাল সেই কর্মসূচিই পালন করেছে সংগঠনের রাঙ্গামাটি ইউনিট।

অবরোধ কর্মসূচি সফল দাবি করে বাস-ট্রাক-লঞ্চসহ পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতা ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছে ইউপিডিএফ।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘‌অবরোধকে কেন্দ্র জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।’