জমি দখল ও সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তাসহ
নানা অভিযোগ তুলে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
হাবিবুর রহমান লিটনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের
পরিবহন চত্বরে একত্রিত হয়ে এ ঘোষণা দেন তারা। ৬টি হলের নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য
পাঠ করেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ শোয়াইব চৌধুরী। এর আগে একই জায়গা থেকে
মিছিল নিয়ে সমাজবিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে সেখানে সমবেত হন তারা।
লিখিত বক্তব্যে শোয়াইব অভিযোগ করেন, কর্মীদের
খোঁজ-খবর না রাখা, কমিটির ২ বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সমন্বয়হীনতা,
রাজনীতি বিকেন্দ্রীকরণ না করে নিজ হলে কেন্দ্রীভূত করা, সব হলের কর্মীসভা শেষেও দীর্ঘদিন
যাবত হল কমিটি না দেয়া, এ নিয়ে কথা বলতে চাইলে বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে অশোভন
আচরণ করা, ব্যস্ততার অজুহাত দেখানো ও সংগঠনের
কর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী
এলাকার 'জমি দখল'।
তিনি বলেন, সব গুরুতর অভিযোগ এবং নৈতিক স্খলনের
প্রতিবাদে আমরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
অবাঞ্ছিত ঘোষণা করছি
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান লিটন গণমাধ্যমকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ক্যাম্পাসেই অবস্থান করছি। যোগাযোগের চেষ্টা করে আমাকে না পাওয়ার বিষয়টি অবান্তর। এছাড়া অন্য কোনো অভিযোগ থাকলে তাও জানাতে পারত। আর জমি দখলের কোনো প্রমাণ থাকলে তারা তা দেখাতে পারে। আমি এ নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
মিছিলে থাকা ৬টি হল ইউনিটের মধ্যে রয়েছে- আল বেরুনী হল, আ ফ ম কামালউদ্দিন হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ সালাম-বরকত হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ও মীর মশাররফ হোসেন হল ইউনিট ছাত্রলীগ।










