ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির সময়সীমা দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আপিল দায়েরের সময়সীমা দুদিন কমানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে ইসি জানায়, আপিল দায়েরের সময়সীমা পূর্ব-নির্ধারিত ৫-১১ জানুয়ারি থেকে কমিয়ে ৫-৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আপিল নিষ্পত্তির সময়সীমা ১২-১৮ জানুয়ারি থেকে এগিয়ে এনে ১০-১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।










