জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) ডিএমপির আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেকপোস্ট করে তল্লাশি চালানোরও নির্দেশ দেয়া হয়েছে সদরদফতর থেকে। এছাড়াও ডিএমপির ডিবির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বণিক বার্তাকে বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আমরা সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। আশা করি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতারের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ ওসমান হাদির অবস্থা গুরুতর। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।