রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে লোগো ও প্রোমো উন্মোচন হয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিটের। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হলরুমে সংবাদ সম্মেলনে এ আয়োজনের লোগো উন্মোচন করেন সিটি মেয়র ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক এএইচএম খায়রুজ্জামান লিটন।
২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই বাংলার মানুষের এ সাংস্কৃতিক উৎসব। চারদিনের এ আয়োজন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের এ সাংস্কৃতিক মিলনমেলা।
সংবাদ সম্মেলনে মেয়র লিটন বলেন, সাংস্কৃতিক ভাববিনিময়ের মাধ্যমে একটি দেশের জনগণের সঙ্গে আরেক দেশের জনগণের গভীর সম্পর্ক স্থাপিত হয়। ফ্রেন্ডস অব বাংলাদেশ এ লক্ষ্য নিয়েই এর আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করে। এ বছর রাজশাহীতে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক এ মিলনমেলা। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতীয় অতিথিরা বাংলাদেশে পৌঁছবেন। ২৬ ফেব্রুয়ারি সকালে সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।










