পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের সব প্রকৃত ভূমিহীন ও গৃহহীনকে পুনর্বাসন করা হচ্ছে। যাদের জমি বা গৃহ কিছুই  নেই, কোনো উপজেলায় খাসজমি না থাকলেও প্রয়োজনে জমি অধিগ্রহণ করে তাদের পুনর্বাসন করা হবে। সরকারের এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে দেশে আর কোনো মানুষ গৃহহীন থাকবে না।

মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবারকে শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে গতকাল বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের সঙ্গে উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ সভায় ঢাকার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পুনর্বাসনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের মতামত বিবেচনায় নিতে হবে। কোনো পরিবার স্থায়ী ঠিকানা হতে দূরে কোথাও পুনর্বাসিত হতে না চাইলে তাদের ইচ্ছার বিরুদ্ধে পুনর্বাসন করা যাবে না।  

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ,  বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।