বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে
লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ
হিসেবে ফেসবুকজুড়ে এখন শুধুই লাল রংয়ের প্রোফাইল ফটো। আজ মঙ্গলবার
(৩০ জুলাই) সকাল ১১টা পর্যন্ত ফেসবুকের বাংলাদেশি বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে
এমন চিত্র দেখা গেছে।
প্রোফাইলে লাল ছবি দেয়ার পাশাপাশি
অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবি দিতেও দেখা গেছে।
লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা
চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস
ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ
কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড়ে
মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।










