ব্যবসায়ীরা শুধু কর অব্যাহতি চান উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, আমাদের ব্যবসায়ীরা দুইদিন ট্যাক্স দেন না। একদিন রোদ উঠলে, আরেক দিন বৃষ্টি নামলে। তারা শুধু কর অব্যহতি চান। এ অবস্থা থাকলে রাজস্ব আদায় বাড়ানো যাবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত স্থানীয় বিনিয়োগে অংশীদারত্ব নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আলোচনা সভার আয়োজন করে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বিদেশী ব্যাংকগুলোকে একটি বিশেষ সুবিধা দেয়া হয়েছিল, তারা বাংলাদেশ থেকে যে সুদ আয় করত, সেটির ওপর ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কর মওকুফ ছিল। তবে এখন যুক্তি দেয়া হচ্ছে, যেহেতু তারা বাংলাদেশের ঋণদান ব্যবসা থেকে মুনাফা অর্জন করছে, তাই সেই মুনাফা এ দেশে করযোগ্য। বর্তমানে তাদের থেকে ৪০ শতাংশ ট্যাক্স নেয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব (রেভিনিউ) সংগ্রহ করা অত্যন্ত জরুরি এবং এটি একটি মৌলিক বিষয়। এমনকি কোনো ব্যাংককে উদ্ধার করার জন্য বিপুল পরিমাণ অর্থের (সত্তর হাজার কোটি টাকা) প্রয়োজন হলেও তা শেষ পর্যন্ত রাজস্ব থেকেই জোগাড় করে দিতে হবে।

আব্দুর রহমান খান বলেন, দেশের কর সংস্কৃতির (ট্যাক্সেশন কালচার) সমালোচনা করে বলা হয়েছে, যদি সব জায়গায় কর ছাড় দেয়া হয়, তবে রাজস্ব কোথা থেকে আসবে? দেশের কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন। এরই মধ্যে দেশের সামষ্টিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, বর্তমানে যে হারে ঋণ নেয়া হচ্ছে, সেভাবে নেয়া উচিত নয়। বরং সম্পদ (রিসোর্স) বাড়াতে হবে।