রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায়ী দুই পক্ষের বিরোধের জের ধরে শাহাবাজ আলী (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহাবাজ আলী কারিগরপাড়ার আক্কাসের মোড় এলাকার আব্দুল জব্বারের ছেলে।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে তাঁতারপুর কারিগরপাড়া মোড়ে মাদক ব্যবসায়ী শাহাবুর গ্রুপের কয়েকজন বসে ছিলেন। হঠাৎ সেখানে হাজির হয় মাদক ব্যবসায়ী কামালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শাহাবুর ও তার লোকজন। ওই সময় সেখানে অবস্থান করছিলেন কৃষক শাহাবাজ আলী। প্রতিপক্ষ ভেবে তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শাহাবাজ আলীকে মৃত ঘোষণা করেন।