পদ্মায় পানি বাড়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতকারী লঞ্চযাত্রীরা দুর্ভোগে পড়েছে। পানি বাড়তে থাকায় ঘাটের পন্টুন সরিয়ে দূরের কড়ইতলা এলাকায় স্থাপনের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ।

লঞ্চঘাট কর্তৃপক্ষ জানায়, এর আগে দুই দফা পানি বেড়ে সংযোগ সড়ক ডুবে গেলে বিআইডব্লিউটিএ বালির বস্তা দিয়ে সড়কটি উঁচু করেছিল। এবার পানির উচ্চতা বাড়ায় সেই বালির বস্তাও তলিয়ে গেছে।

এদিকে গতকাল দুপুরে লঞ্চঘাটের পন্টুন সরিয়ে কড়ইতলা এলাকায় স্থাপনের কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় সাময়িকভাবে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়।

সেখানে আরো দুটি পন্টুন স্থাপনের কাজ চলছে। তিনটি পন্টুন স্থাপন হলে কড়ইতলায় লঞ্চঘাটটি পুরোপুরি সরিয়ে নেয়া হবে।