নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মহারাজ পরিবহন নামের বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয়া হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। সেটির চালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে।










