বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ি ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুর পর্যন্ত ডুবে যাওয়া নৌযানটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন করে বানারীপাড়া থানার এসআই জাহিদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুলারহাট থেকে ঢাকাগামী মর্নিংসান-৯সহ দুটি লঞ্চ পাশাপাশি চলছিল। মসজিদবাড়ি ঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রলারের সঙ্গে মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ১৪০০ বস্তা মুরগির খাবার বোঝাই নৌযানটি নদীতে ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া নৌযানটির পেছনে আরো দুটি নৌযান ছিল। ওই দুুটি ট্রলারে থাকা মানুষজন লঞ্চগুলোকে থামিয়ে ডুবে যাওয়া নৌযানের ১১ জন আরোহীকে উদ্ধার করেন।

ডুবে যাওয়া নৌযানটিতে থাকা মুরগির খাবারের মালিক হাবিবুর রহমান জানান, মুরগির খাবার নিয়ে নৌযানটি গত সোমবার সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে স্বরূপকাঠির উদ্দেশে রওনা হয়। রাতে বানারীপাড়া উপজেলার মসজিদবাড়ি ঘাটসংলগ্ন এলাকায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।