কুমিল্লায় তুচ্ছ ঘটনায় আবুল হাসেম (৫৫) নামে এক নৈশপ্রহরীকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই আবু তাহের ও বাজারের অন্য নৈশপ্রহরী সুরুজ মিয়া আহত হন। জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর বাজারে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসেম নলুয়া চাঁদপুর বাজারের নৈশপ্রহরী এবং ওই গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৈশপ্রহরী আবুল হাসেম ওই বাজারে দায়িত্ব পালনকালে শুক্রবার ভোরে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছিলেন। এ সময় রাইস মিলের সামনে আগুন জ্বালিয়ে শীত নিবারণকে কেন্দ্র করে একই গ্রামের রাইস মিল মালিক বাবুল তার সঙ্গে বাকবিতণ্ডা ও মারামারিতে লিপ্ত হন। এতে হাসেম মারাত্মক আহত হন। তার ডাকচিত্কারে তার ভাই আবু তাহের ও বাজারের অন্য নৈশপ্রহরী সুরুজ মিয়া তাকে বাঁচাতে ছুটে এলে তাদেরও মারধর করে আহত করা হয়।

নিহত আবুল হাসেম সাত কন্যাসন্তানের বাবা। বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।