দেশে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর উদ্যোগে বাস্তবায়িত তাকামোল প্রকল্প উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) তাকামোল প্রকল্পের অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ পর্যন্ত ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৪০ হাজার জন আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করেছেন।
প্রকল্প কর্তৃপক্ষ বলছে, এ সাফল্য বাংলাদেশের দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ রপ্তানি ও বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে একটি যুগান্তকারী অগ্রগতি নির্দেশ করছে।
প্রকল্পটির মূল লক্ষ্য বিদেশগামী কর্মীদের আধুনিক প্রশিক্ষণ প্রদান ও আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন নিশ্চিত করা। এর আওতায় অংশগ্রহণকারীরা টেকনিক্যাল ও ভোকেশনাল প্রশিক্ষণ, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও আচরণবিধি, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
তাকামোল প্রকল্পের পরবর্তী ধাপে প্রশিক্ষণ কার্যক্রমকে আরো বৃহৎ পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছরে ১ লক্ষাধিক প্রশিক্ষণার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের জন্য ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ সুবিধা চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
বিএমইটি জানায়, প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে দক্ষ কর্মীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, কর্মীদের আয় বৃদ্ধি পেয়েছে, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক পরিবর্তন এসেছে। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘তাকামোল প্রকল্প শুধু প্রশিক্ষণ নয়, বরং এটি বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে বৈশ্বিক অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা পালনে প্রস্তুত করছে।’










