বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাক পরিবর্তন হবে ধীরে ধীরে। কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় নি।’ পোশাক পরিবর্তন ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণেও পরিবর্তন আসছে বলেও জানান উপদেষ্টা।
প্রসঙ্গত, হাসিনা সরকার পতনের পর সাতদিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর বাহিনীটিকে সচল করতে অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ।সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।










