প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় সন্তোষ প্রকাশ করেছেন বাগেরহাটের বিড়ি শ্রমিকরা। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাগেরহাটের মোল্লাহাটে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে বাজেটের ওপর বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি এলাকায় অবস্থিত আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দোয়া মাহফিলে ইমন বিশ্বাস জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট মৎসজীবী লীগের সভাপতি শেখ সোহেল রানা। দোয়া মাহফিলে বক্তারা ২০২০-২১ অর্থবছরের বাজেটে আরোপিত বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা মূল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম ১০ শতাংশ আয়কর কমানো ও বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্পকে সুরক্ষার দাবি জানান।










