গতকাল সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দীঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন সকালে রাজশাহীর বাঘায় সিএনজি ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার বাহন) মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানি হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজধানীর রমনা, মেহেরপুর, মাদারীপু‌র, ফেনী ও ফরিদপুরে আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

চট্টগ্রাম: ফটিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ফেলাগাজী মোড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজনের নাম তপন ওঁরাও। ফটিকছড়ির ভূজপুর গ্রামের বাসিন্দা তপন ওঁরাও ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। এ ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় আহতদের সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। এছাড়া ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম জানান, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের হাসপাতালে নেয়ার পর দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী: নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে রাজশাহীর বাঘায় আসছিল একটি অটোরিকশা। বাঘা উপজেলার চণ্ডীপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান দুজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা গেছেন।

নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধূপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, লালপুর থেকে একটি অটোরিকশায় করে পাঁচজন বাঘায় আসছিলেন। পথে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোরিকশা ও ভটভটি উদ্ধার করা হয়েছে।

ঢাকা: রাজধানীর রমনার মিন্টু রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী নোয়াখালীর সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মো. হানিফ।

মেহেরপুর: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে তাছলিমা খাতুন (৩৪) ও নাতনি খাদিজা (৩)। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে মেহেরপুর-শোলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আমানুল্লাহ আল বারী জানান, সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজাকে নিয়ে মোটরসাইকেলে মেয়ের শ্বশুরবাড়ি শোলমারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ।

মাদারীপুর: জেলার ডাসারে যাত্রীবাহী বাসের ধাক্কায় বসন মুন্সি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বসন মুন্সি উপজেলার গোপালপুর ইউনিয়নের ছোট বনগ্রামের নূর মুন্সির ছেলে।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেনী: রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। রোববার রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পুবালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চল্লিশোর্ধ্ব ওই নারীর পরিচয় জানা যায়নি।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে মরদেহের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে‍।

ফরিদপুর: ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় ফরিদপুর শহরে মায়েসা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে ফরিদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েসা ওই এলাকার মাহফুজের মেয়ে। খেলার সময় দৌড়ে বাড়ির সামনে পাকা সড়কে উঠলে একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।