ফেনীতে ভূঞা ডেইরি ফার্মের কর্মচারী মো. ইয়াছিন সোহাগকে (২১) কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ফেনী শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ দুর্বৃত্ত দল কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পাশ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে দুর্বৃত্ত দলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড় বাড়ির আবদুস সামাদের ছেলে।

খামার মালিক মামুন বলেন, রাতে আকস্মিক চিৎকার শুনে ঘুম থেকে উঠি। পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুজন দুর্বৃত্ত বীভৎসভাবে কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হতে হতে একটি ট্রাক নিয়ে অন্তত ১২-২৪ জনের দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়।

মো. সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, সোহাগ খুব সৎ ছেলে ছিল। পরিবারের সদস্যের মতো হয়ে সে এ খামারে কাজ করছিল। দুর্বৃত্তরা বীভৎসভাবে কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বন্যা পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগণও যদি নিজ উদ্যোগে এলাকাভিত্তিক পাহাড়া বসায় তাহলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে। এ ঘটনায় আইনগত বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।