এলপিজি গ্যাসকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সুরক্ষা দিতে হবে বলে জানিয়েছেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, সুলভ মূল্যে সরকার যে গ্যাস দিচ্ছে তা প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে হবে। এছাড়াও ওয়ান-স্টপ সার্ভিসসহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আজ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক পলিসি কনক্লেভে এ কথা বলেন তিনি। 'বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা' শীর্ষক এ কনক্লেভের আয়োজন করেছে দৈনিক বণিক বার্তা।
অনুষ্ঠানে প্যানেল আলোচকের বক্তব্যে শামসুল আলম বলেন, ‘রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে ক্যাব অনাস্থা জানিয়েছে। এর কারণ ভোক্তাদের নিরাপত্তা দিতে পারেনি এই কমিশন। রেগুলেটরি কমিশনে একটি প্রবিধান মালা করেছে। কিন্তু সেখানে ৩টি প্রবিধান মালার বিষয় ছিল।’
তিনি আরো বলেন, 'নিরাপত্তা ও পুঁজির স্বার্থে ভোক্তাদের সঙ্গে অন্যান্যদের সেতু তৈরি করতে হবে। এখানে ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভোক্তার স্বার্থ সংরক্ষণ না হলে আপনাদের পুঁজি হাঁরিয়ে যাবে। সেক্ষেত্রে আমরাও বিদ্রোহী হয়ে উঠবো।'










