টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। এর আগে বৃহস্পতিবার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। ওই একদিনে ভরিপ্রতি দাম বেড়েছিল ১৬ হাজার ২১৩ টাকা। পরদিনই ভরিপ্রতি প্রায় ১৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম।
গতকাল বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম গতকাল সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।
দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে কমেছে রৌপ্যের দামও। ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৭৮২ টাকা।










