শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে সে সিদ্ধান্তের বাস্তবায়ন না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তারা এ হুঁশিয়ারি দেন। এর আগে গত ১৫ ডিসেম্বর চারুকলাকে স্থানান্তরের জন্য একাডেমিক মিটিংয়ে বসার প্রতিশ্রুতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত তা রক্ষা করতে পারেননি তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রশাসনকে ধন্যবাদ। কিন্তু এ সিদ্ধান্ত কেবল প্রতিশ্রুতিতেই ঝুলে থাকলে চট্টগ্রামের শিল্পাঙ্গন কখনোই স্বৈরাচারের দোসরদের মহল থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তারা তাদের প্রতিশ্রুতির বরখেলাফ করেছেন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের আর কোনো মৌখিক আশ্বাসে শান্ত থাকছি না। আগামী শীতকালীন বন্ধের পর (২০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত) বিশ্ববিদ্যালয়ের দুই কার্যদিবসের মধ্যে যদি চারুকলা প্রত্যাবর্তন বিষয়ে প্রজ্ঞাপন জারি না হয়, আমরা কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব।










