সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গবাদিপশু আমদানির একটি অনুমতিপত্র ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আজ শনিবার (২ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রাণিসম্পদ অধিদপ্তরের নামে ভারত থেকে গরু আমদানির একটি অনুমতিপত্র ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসে।

প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরের সঙ্গে অধিদপ্তরের কোনো সরকারি নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ অনুমতিপত্র তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। তাই একে কোনো বৈধ সরকারি অনুমোদন হিসেবে গণ্য করা যাবে না।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, সাধারণ মানুষ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নিতে বলা হয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া এ ধরনের নথি প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে বলেও জানানো হয়েছে। সঠিক তথ্য জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণের পরামর্শ দেয়া হয়েছে।