নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিতরণ কোম্পানি তিতাসে অভিযানে ৪০০ আবাসিক চুলার (ডাবল চুলা) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ রোববার ফতুল্লার ভিন্ন ভিন্ন পাঁচটি জায়গায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এ অভিযানে নেতৃত্ব দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের ফতুল্লার মডার্ন হাউজিং এলাকায় ৪০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার মধ্যে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ৬টি সংযোগ বিনষ্ট করা হয়। এ সময় প্রায় ৪০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে হাউজিং থেকে ৩/৪ ব্যাস প্রায় ৩০০ ফুট বিতরণ পাইপ উচ্ছেদ করে তা জব্দ করা হয়।
এছাড়া মডার্ন হাউজিং এর পাশে একজন গ্রাহকের অনুমোদিত ০৮টি ডাবল চুলার স্থলে ২৮টি ডাবল চুলা অবৈধভাবে লাইন টেনে ব্যবহারের করায় তাৎক্ষণিক সংযোগটি বিচ্ছিন্ন করে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত গ্রাহককে বাংলাদেশ ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের অংশ হিসেবে ইতিপূর্বে অনুমোদন অতিরিক্ত স্থাপনা ব্যবহারের কারণে বিচ্ছিন্নকৃত গ্রাহক মেসার্স নিউট টপ টেক্সটাইল বিডি লিমিটেডের গ্যাস সংযোগটি কন্ট্রোল ভাল্ব থেকে কর্তন করে কিল করা হয়েছে।










