ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে গতকাল সকালে ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন লক্ষ্মীপুরের লতিফপুর গ্রামের রহমত উল্যাহ (৬০), আমানী লক্ষ্মীপুর গ্রামের আলাউদ্দিন (৪৫) ও ফজলুল করিম (৪৫)। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫০), তার ছেলে জহিরুল ইসলাম (৩০) ও তাদের আত্মীয় রাহেলা বেগম (৫০)। এছাড়া আহতরা হলেন নিহত আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কারচালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।
এদিকে মাদারীপুরের রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশায় গতকাল সকালে গাছবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরমুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সীর ছেলে হোসেন মুন্সী (৫৫) ও লাল মিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার (৬০)।
এছাড়া গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ভোরে এ ঘটনায় আরো ১১ শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ের স্বামী আবু সুফিয়ান (২৫)। শ্রীপুর থানার উপপরিদর্শক মো. কুদ্দুস জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
বাগেরহাটের রামপালে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মোংলা-খুলনা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হানিফা শেখ (২২) রামপাল উপজেলার উজলকুড় গ্রামের মো. শরিফুল শেখের ছেলে। রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, ‘মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
ময়মনসিংহের ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুরিয়ার সেতু এলাকায় মোটরসাইকেল-হ্যান্ড ট্রলি সংঘর্ষে ডেকোরেটর ব্যবসায়ী মেরাজুল ইসলাম নিহত হয়েছেন। ফুলপুর থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁর আত্রাইয়ে একটি সিএনজি-চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা লেগে সঞ্জয় কুমার (২৬) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকালে উপজেলার সাহাগোলা-শিমুলিয়া সড়কের অস্থায়ী রেলক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় কুমার আত্রাইয়ের আইডিএফ এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যানঘাটায় গতকাল দুপুরে চলন্ত ট্রাকের ভেতরে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল মান্নান (৬০) নামে এক ট্রাকচালক মারা গেছেন। এ সময় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে পাশে থাকা একটি প্রাইভেট কার। এতে প্রাইভেট কারের ভেতর থাকা তিন শিশু ও চালক আহত হয়েছেন।
(প্রতিবেদনে তথ্য পাঠিয়ে সহযোগিতা করেছেন জেলা প্রতিনিধিরা)










