কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। এছাড়া রাজধানীর টেকনিক্যাল মোড়সহ আরো তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মুন্সিগঞ্জ: সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে পণ্যবোঝাই পিকআপের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলচালক। গুরুতর আহত হন আরো তিন আরোহী। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব হোসেন বলে জানিয়েছে পুলিশ।
এর আগে রাত সাড়ে ৩টার দিকে একই কুচিয়ামোড়া সেতুর ঢালের ঢাকামুখী লেনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। এ সময় আহত হন ট্রাকচালক ও হেলপার। এছাড়া সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরান ফেরিঘাট এলাকায় সড়কে থেমে থাকা পিকাআপের পেছনে ধাক্কা দেয় একটি গাড়ি। এ সময় পিকআপে আটকা পড়েন চালক শুভ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাত্রাতিরিক্ত গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়েতে।
ঢাকা: রাজধানীর টেকনিক্যাল মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহত ব্যক্তির নাম আনিসুজ্জামন (১৮)। তিনি পেশায় দিনমজুর। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর: বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লেগে আব্দুল হান্নান হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৬ জন। গতকাল বিকাল ৫টার দিকে সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান হাওলাদার পিরোজপুর সদরের মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা বাসে দুর্গাপুর চুঙ্গাপাশায় তাদের বাড়িতে ফিরছিলেন। এ সময় সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। তখন ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়।
পিরোজপুর জেলা সিভিল সার্জন মতিউর রহমান জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তারা ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট: ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য দুই আরোহী। গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গীদালের তাপতি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম জাকারিয়া প্লাবন কালীগঞ্জ উপজেলার চামটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।










