দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল দিনের বিভিন্ন সময় যশোর, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার ও মুন্সিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
যশোর: দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৯ জন। গতকাল সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা ও দুপুরে ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রল পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। নিহত অন্যজন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে রিয়াল হাসান।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছলে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আহত রিয়াল হাসানও মারা যান।
অন্যদিকে একই দিন দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের বিজলী পেট্রল পাম্পের সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও তাদের সহকারী এবং যাত্রীসহ অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।
রাজশাহী: বাগমারায় কোরবানির গরু হাটে নেয়ার পথে ভটভটি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি গোপালপুর বাজারে একজন মুদি ব্যবসায়ী।
নোয়াখালী: ট্রাকচাপায় নোয়াখালীর সেনবাগে মো. মুহিতাব (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সেনবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নরসিংদীর দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো. আকরাম ফকিরের ছেলে। সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে তার পরিবার। মায়ের সঙ্গে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ সে সড়কে উঠে পড়ে। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
কক্সবাজার: চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকরিয়া সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহজাহান (৩৮) কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার শামশুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া অঞ্চলে একটি ওষুধ বিপণন প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে শাকিলা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী শাকিব গাজী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।










