আগামী দুই বছরে পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে সাড়ে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ ও আড়াই লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এছাড়া আরো পাঁচটি জোন নিয়ে পর্যালোচনা চলছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে বিডা ভবনে এক সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বর্তমানে ১০০টি জোন পরিচালনার মতো সক্ষমতা বা প্রয়োজনীয়তা নেই। আগামী ১০ বছরে ১০টি জোন চালু করতে পারলেও লক্ষ্য পূরণ হবে। বাকি জোনগুলো বাতিল করা হচ্ছে না। বরং সেগুলোর পতিত জমিতে সোলার প্যানেল স্থাপনের চিন্তা করা হচ্ছে।

তিনি আরো জানান, বন্ধ হয়ে থাকা সরকারি পাটকলসহ অন্যান্য শিল্প কারখানার বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নতুন অর্থনৈতিক জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

জমি বরাদ্দ নিয়ে শিল্প নির্মাণে অপারগ হলে জমি ফেরত দেয়ার কথা উল্লেখ করে নির্বাহী চেয়ারম্যান বলেন, বেজার জন্য এখন পর্যন্ত ৯ হাজার ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।