বাংলাদেশের বন্যাকবলিত ৫৫ হাজারেরও বেশি মানুষের জন্য জরুরি ও জীবন রক্ষাকারী মানবিক সহায়তা হিসেবে ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫ কোটি ৭০ কোটি টাকা) দিচ্ছে যুক্তরাজ্য সরকার।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে দেশটির দূতাবাস। 'স্টার্ট নেটওয়ার্ক'-এর মাধ্যমে এবং জাতীয় ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহায়তায় এ সাহায্য বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের দেয়া এ অর্থের মাধ্যমে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছয় জেলা- কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে নগদ অর্থ সহায়তা, খাবার এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেয়া হবে।
গত মে মাসে সিলেট অঞ্চলে হওয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেয়া ২ লাখ ৪৫ হাজার পাউন্ডের (প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা) জরুরি সহায়তার ধারাবাহিকতায় এবারের সহায়তা দেয়া হচ্ছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় ৬ লাখ পাউন্ডেরও (প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা) বেশি সহায়তা দিল দেশটি।
দূতাবাস জানিয়েছে, এ সহায়তা ছাড়াও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের 'ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড' (ডিআরইএফ)-এ অবদানের মাধ্যমে বন্যাকবলিত এলাকাগুলোয় সহায়তা করছে যুক্তরাজ্য। এ ফান্ডের আওতায় বাংলাদেশের উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত ১০ জেলার মানুষকে সাহায্য করতে মোট ৪ লাখ ৩৮ হাজার ৩৪৮ পাউন্ডের (প্রায় ৭ কোটি ২০ লাখ টাকা) অর্থ সহায়তা দেয়া হচ্ছে।
তাছাড়া, যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রো-মেট (আবহাওয়া ও জলবিজ্ঞান) অংশীদারত্বের মাধ্যমে দেশটির মেট অফিসের (আবহাওয়া অফিস) ডেটা বাংলাদেশের জাতীয় পূর্বাভাস ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে সহায়তা করেছে যুক্তরাজ্য। এটি সাম্প্রতিক আকস্মিক বন্যার আগেই দ্রুত সতর্কতা সংকেত জারি এবং জরুরি পদক্ষেপ নিতে সাহায্য করেছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। আমাদের এ মানবিক সহায়তা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৫৫ হাজারেরও বেশি মানুষের কাছে অতি প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি, মোকাবেলা ও তা থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে যুক্তরাজ্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।










