মাছের ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্যচাষীর। বৃহস্পতিবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের নেবাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নেবাখালী গ্রামের মৎস্যচাষী রবিউল ইসলাম ডালিম জানান, চলতি মৌসুমে মিঠাপানির  ১২ বিঘা ঘেরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ চাষ করেন তিনি। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তিনি ঘেরের বাসায় ঘুমিয়ে ছিলেন। ভোরে উঠে দেখেন ঘেরের মাছ মরে ভেসে উঠছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান রবিউল ডালিম। 

তিনি আরো জানান, এলাকায় অনেক ঘেরে মাছ চুরি হয়। একটি সংঘবদ্ধ মাছ চোরের দল ঘের থেকে মাছ চুরি করে আসছে। ধারণা করা হচ্ছে, ওই চোরের দল মাছ চুরি করতে না পেরে বিষ দিয়েছে। 

আগড়দাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু মালি জানান, করোনার জন্য গ্রামের সাধারন মানুষ কর্মহীন পড়েছে। প্রান্তিক পর্যায়ের কিছু মানুষ মৎস্য চাষ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। এভাবে মাছের ঘেরে বিষ দিয়ে মানুষের ক্ষতি করাটা অত্যন্ত গর্হিত কাজ। তিনি তার ইউনিয়নের চৌকিদারের পাহারা জোরদার করবেন বলে জানান। 

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।