মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে মোটরসাইকেল চাপায় সাদিয়া আক্তার ইতি নামের এক চতুর্থ শ্রেণীর শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২২ এপ্রিল) বিকালে বাওট টাওয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ইতি (১২) ওই গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে।
জানা গেছে, নিহত ইতি বাড়ির পাশে একটি দোকান থেকে আইসক্রিম কিনে ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে চাপা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বামুন্দী ও পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মঠমুড়া গ্রামের মহিবুল ইসলামের ছেলে পারভেজ হোসেন পলাতক রয়েছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










