জাতীয় নির্বাচনের আগে এমন কোনো ইভেন্ট আনা ঠিক হবে না যা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্কার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন। আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন টেস্ট কেস হিসেবে আয়োজন করা উচিত কি না, এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হলে অন্য সব নির্বাচনের প্রস্তুতিও হয়ে যায়। জাতীয় নির্বাচন নিয়ে এগোচ্ছি, তাই জাতীয় নির্বাচনের আগে একটি রিঅ্যাকশন টাইম দেয়া উচিত।
তিনি আরো বলেন, সরকার যদি সব নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের অবস্থান হলো—সকল স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা ঠিক নয়। পাশাপাশি এটি বাস্তবায়ন করাও সম্ভব নয়। এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো চিঠি আসেনি। তবে আমরা আলোচনা করেছি। এ বিষয়ে কাজ করার প্রস্তুতি রেখেছি।
বর্তমান পরিস্থিতিতে সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করে কোনো আইন বা বিধিমালা সংশোধনের প্রয়োজন হলে তা সময়সাপেক্ষ হবে বলে উল্লেখ করেন তিনি।










