ময়মনসিংহে ট্রাকচাপায় রাসেল মৃধা (৩৫) নামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল মৃধা নেত্রকোনা সওজের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টায় ইটবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে নেত্রকোনা জেলার শ্যামগঞ্জে যাচ্ছিল। পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রাসেল মৃধার মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন প্রকৌশলী রাসেল। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান জানান, সকালে নেত্রকোনা থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ যাচ্ছিলেন রাসেল। নেত্রকোনার শ্যামগঞ্জগামী ইটবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।









