সিলেট থেকে পণ্য রফতানিতে প্রধান বাধা এখন ‘ওয়্যারহাউজ প্যাকেজিং ব্যবস্থা’। এ ব্যবস্থা না থাকায় ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রফতানি করতে পারছেন না এখানকার রফতানিকারকরা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক কার্গো টার্মিনাল নির্মিত হলেও সেটি কোনো কাজে লাগছে না। ফলে বছরে অন্তত ১০০ কোটি টাকার পণ্য রফতানি থেকে বঞ্চিত হচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা।
জানা গেছে, সিলেট অঞ্চলে উৎপাদিত শাকসবজি, আনারস, লেবুজাতীয় ফল, সাতকড়া, পান, হিমায়িত মাছ, সুগন্ধি চাল, বেতের আসবাব, নকশিকাঁথা ও কুঠির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের বিশাল অংশ সিলেটি হওয়ায় সেখানকার বাজারে এসব পণ্যের ব্যাপক চাহিদা। এতদিন ওসমানী বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য পাঠাতেন রফতানিকারকরা। প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো টার্মিনাল নির্মাণ করার পর পণ্য রফতানির সম্ভাবনা সৃষ্টি হলেও সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না।
ব্যবসায়ীরা দাবি করেন যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পণ্যের ব্যাপক চাহিদা আছে। সিলেটে কার্গো টার্মিনাল তৈরি হওয়ায় রফতানি সম্ভাবনার দুয়ার খুলেছে। কিন্তু শাকসবজি ও ফলমূল রফতানির জন্য এখনো ঢাকার শ্যামপুরে যেতে হচ্ছে তাদের। কারণ যুক্তরাজ্যসহ ইউরোপের অনুমোদিত ওয়্যারহাউজের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টিন সার্টিফিকেট নিতে হয়। এ সুবিধা একমাত্র শ্যামপুরেই আছে।
অন্যদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাকেজিং ব্যবস্থা চালু হলে সিলেট বিভাগে উৎপাদিত পণ্যের বাইরেও নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার রফতানিকারক এ বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এখান থেকে তারা পণ্য রফতানি করতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশে। যার প্রয়োজনীয়তা অনুভব করে কার্গো টার্মিনাল নির্মাণের আগ থেকেই ‘নির্ধারিত ওয়্যারহাউজ’
(প্যাকেটজাত ও গুদাম সুবিধা) নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তা নির্মাণের দাবি জানিয়ে আসছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
সিলেট চেম্বারের সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘নির্ধারিত ওয়্যারহাউজ না থাকায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক দেশগুলোয় রফতানির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। বিষয়টি অনুধাবন করে আগ থেকেই ওয়্যারহাউজ নির্মাণের দাবি জানিয়ে আসছি আমরা।’
তিনি সভাপতির দায়িত্ব থাকাকালীন কৃষিমন্ত্রী সিলেটে এলে তার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। মন্ত্রীও দ্রুততম সময়ে ওয়্যারহাউজ নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এর প্রায় তিন বছর অতিবাহিত হলেও কোনো অগ্রগতি নেই।
নির্ধারিত ওয়্যারহাউজ না থাকায় সিলেট অঞ্চল থেকে বছরে অন্তত ১০০ কোটি টাকার পণ্য রফতানি করা যাচ্ছে না বলে জানান জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে পণ্য পাঠাতে এসব দেশের অনুমোদিত ওয়্যারহাউজের মাধ্যমে প্যাকেজিং করে কোয়ারেন্টিন সার্টিফিকেট নিতে হয়। কিন্তু ঢাকার শ্যামপুরে থাকা এই সুবিধা চালু হয়নি সিলেটে। তাই বাধ্য হয়ে ঢাকা থেকেই পণ্য রফতানি করতে হচ্ছে ব্যবসায়ীদের। অনেকে বাড়তি বিড়ম্বনার কারণে রফতানিতে নিরুৎসাহিত হয়ে পড়েছেন। প্রতি মৌসুমে সিলেটের দুই-আড়াই লাখ কেজি শিম রফতানি হয়। চলতি মৌসুমে প্রতিদিন যুক্তরাজ্যে এক হাজার কেজি শিম রফতানি হচ্ছে। অন্যান্য পণ্যও যাচ্ছে বিভিন্ন দেশে। সিলেট থেকেও সরাসরি সবজি রফতানি সম্ভব ছিল, শুধু প্যাকেজিং হাউজের অভাবে সেটা সম্ভব হচ্ছে না।’
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর বরাত দিয়ে জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্ট গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান আরো জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ৯১ হাজার ৬৩৯ ডলারের লেবুজাতীয় ফল রফতানি করেছে। এর বড় অংশ সাতকড়া এবং তা সিলেট অঞ্চল হয়ে ঢাকার শ্যামপুরে অনুমোদিত ওয়্যারহাউজের মাধ্যমে প্যাকেজিং হয়ে বিদেশে রফতানি হয়েছে। ওসমানীতে প্যাকেজিং হাউজ থাকলে এর পরিমাণ আরো বাড়ত।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ বলেন, ‘পণ্য রফতানির দ্বার উন্মোচন করতে দীর্ঘদিন ধরে সিলেট বিমানবন্দরে প্যাকেজিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কিন্তু গতি আসছে না কাজে। আমরা কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় দৌড়ঝাঁপ করছি। দ্রুত ওয়্যারহাউজ নির্মাণের দাবি জানাচ্ছি।’










