ভুটানের মাঠে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারল বাংলাদেশ ফুটবল দল। থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় ১-০ গোলে হেরে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ভুটানের কাছে এটা বাংলাদেশের দ্বিতীয় হার। ১৯৮৪ সালে শুরু হওয়া দ্বৈরথে মোট ১৬ ম্যাচের মুখোমুখিতে ১২টিই জিতেছে বাংলাদেশ। ভুটানিরা ২০১৬ সালে নিজেদের মাঠে প্রথমবার হারায় বাংলাদেশকে। সেই মাঠে গতকাল পেল দ্বিতীয় জয়।
এর আগে গত বৃহস্পতিবার একই মাঠে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। গতকাল সেই মাঠে ম্যাচের একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে বসল হাভিয়ের কাবরেরার দল। টানা দ্বিতীয় জয় তুলে নিতে মাঠে নামলেও এ ম্যাচে ভালো খেলেনি বাংলাদেশ।










