চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ দুই ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি এবং ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মামলা জটিলতায় দীর্ঘ ১৮ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নানুপুর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি ২০২০ সালের ২৩ মে মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নানুপুর ইউনিয়নকে ভাগ করে খিরাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি এ ইউপির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, ‘নির্বাচন কমিশন যে নির্দেশনা দেবে সেভাবে কাজ করব। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।’