অর্জিত ছুটির টাকা, অগ্রিম বেতন ও ২৫ মার্চের মধ্যে বোনাস পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসব দাবিতে গতকাল সকাল থেকে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তবে শ্রমিকদের এসব দাবি মানতে না পেরে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিস দিলেও পরে তা প্রত্যাহার করে নেয়।
শিল্প পুলিশ জানায়, টঙ্গীর এমটারনেট গ্রুপের এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো ম্যানুফ্যাকচারার লিমিটেড কারখানায় গতকাল বন্ধের নোটিস ঝুলিয়ে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মেশিন ও আসবাব ভাংচুর করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন জানান, শ্রমিক প্রতিনিধি, সেনাবাহিনী, কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সমন্বয়ে আলোচনা শেষে শ্রমিকদের দাবিগুলো মেনে নিয়েছেন কারখানার মালিক। আজ থেকে কারখানা চালু থাকবে। শ্রমিকরা কাজে যোগ দেবেন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, ‘তাদের অধিকাংশ দাবি অযৌক্তিক। তার পরও দাবিগুলো মেনে নেয়া হয়েছে। তারা কারখানায় ভাংচুর চালিয়েছে। ভাংচুর ও কর্মকর্তা-কর্মচারীদের জানমাল রক্ষায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রমিকরা ফের অযৌক্তিক দাবি না জানালে আজ থেকে কারখানা চালু থাকবে।’









