গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মহিদুল ইসলাম দাউদকে সংগঠন থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, 'ঢাকায় আড়াইশ বাসের রুট পারমিট চান নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রনেতা’ শিরোনামে ২০২৫ সালের ৪ মে দৈনিক বণিক বার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মহিদুল ইসলাম দাউদের সম্পৃক্ততার অভিযোগ উঠে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল একটি তদন্ত কমিটি গঠন করে।

ঢাকায় আড়াইশ বাসের রুট পারমিট চান নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রনেতা

তদন্ত কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চিত্রা পরিবহনের আবেদনপত্র, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, মহিদুল ইসলাম দাউদের স্বাক্ষর, টিআইএন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট ফোনালাপসহ বিভিন্ন তথ্য-প্রমাণ ও সাক্ষ্য যাচাই করে একটি প্রতিবেদন জমা দেয়। এর প্রেক্ষিতে মহিদুল ইসলাম দাউদ আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য প্রদান করেন। তবে সামগ্রিক তথ্য, প্রমাণ, সাক্ষ্য ও জবানবন্দি বিশ্লেষণ করে তদন্ত কমিটি চিত্রা পরিবহনের রুট পারমিট সংক্রান্ত আবেদন (ডায়েরি নং: ৫৯৪; ০৫/০৩/২৫) এর সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়া সম্পৃক্ততার বিষয়ে অস্বচ্ছতা, ঘটনা প্রকাশের পর ধারাবাহিকভাবে অসত্য তথ্য প্রদান, তদন্ত চলাকালে সংগঠনকে না জানিয়ে মালিকপক্ষের সঙ্গে ব্যক্তিগত সমঝোতা করা এবং মামলার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে তাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বছরের জন্য সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।