বরিশালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আবদুল খালেক (৬৫) নামে এক রোগী মারা গেছেন। গতকাল সকাল ৮টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবদুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজী গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন আবদুল খালেক। শুরুতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়া শুরু করে। পরে শুক্রবার দুপুরে অজ্ঞান অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শুক্রবার দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল খালেক অজ্ঞান অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।










