রাজশাহীর বাঘায় নিখোঁজ সাব্বির হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে একটি আমবাগানের নালা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, নিহতের মাথা, মুখমণ্ডল ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সাব্বির। গত রবিবার স্কুল থেকে ফিরে বাবার ভ্যানগাড়ি নিয়ে বেরিয়ে যায় সে। এরপর রাতে আর বাসায় ফেরে না সাব্বির। কোথাও খুঁজে না পেয়ে মধ্যরাতে তার চাচা শরিফুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার পরদিন সকালে সড়কঘেঁষা একটি আমবাগামে ব্যাটারিবিহীন অবস্থায় পাওয়া যায় তার ভ্যানটি। পরে গতকাল সাব্বিরের বাবা হায়দার আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
আজ সকালে মনিগ্রাম এলাকার একটি আমবাগানের পাশের নালায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ভ্যান ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করেছে তারা।
ময়নাতদন্তের জন্য সাব্বিরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ।









