বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের আলটিমেটাম শেষ হওয়ার পরেও পদত্যাগ না করায় আবারো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তারা উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে সিলগালা করেন। এ সময় কার্যালয়ের সামনে থেকে উপাচার্যের নামফলকও খুলে নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর ১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এরপর তারা ভিসি কার্যালয়ে তালা দিয়ে সেটি মোম দিয়ে সিলগালা করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবি জানান।
আন্দোলনকারী শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, স্বৈরাচার সরকারকে হটিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা স্বৈরাচারের দোসরকে ক্যাম্পাসে চাই না। ভিসি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ভিসি জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেননি এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী দোসরদের পুনর্বাসন করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে ভিসি কার্যালয় তালাবদ্ধ করেছে। বিষয়টি আমরা জানি।
তবে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।










