মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণা ইসলাম রোদেলা নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। এছাড়া দশম শ্রেণীর অন্য এক ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে অন্য শিক্ষার্থীরা। অভিভাবকরাও পড়েছেন চিন্তায়। মারা যাওয়া শিক্ষার্থী শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বলছে, স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস পরিচালনা করা হচ্ছে। মনিটরিংও করা হচ্ছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যদি নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায় তবে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।
রোদেলার স্বজনরা জানান, গত বুধবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা সিটি স্ক্যান করে তার ২৬ ভাগ ফুসফুস ক্ষতি হয়েছে দেখতে পান। অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার করেন। ঢাকার কাছাকাছি পথেই শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়।
স্বজনরা জানান, ১৫ সেপ্টেম্বর প্রথম ক্লাস করার পর দিন থেকেই তার জ্বর ও গলাব্যথা দেখা দেয়।
স্কুলের শিক্ষকরা জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই তারা বিদ্যালয়ের পাঠদান করছেন। ১৫ সেপ্টেম্বর দশম শ্রেণীর এক ছাত্রীর করোনা পজিটিভ হলে ওই শ্রেণীর বাকি ৫৬ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়। তাদের নেগেটিভ আসে। এরপর এক সপ্তাহের জন্য ওই ক্লাসটি বন্ধ রাখা হয়।
স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের পরামর্শে সরকারি নীতি অনুযায়ী ক্লাস নিচ্ছেন বলে জানান প্রধান শিক্ষক আরজু খানম।
জেলা প্রশাসক মো. আবদুল লতিফ বলেন, তারা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবিড় পর্যবেক্ষণ করছেন। নতুন করে কোনো প্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাননি।









