প্রবাসী কর্মীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে সেগুলো নিরসনের জন্য পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে প্রবাসীদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে বিনামূল্যে প্রেরণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে ৩টি গাড়ি আছে। আজ আরো ২টি যুক্ত হয়েছে। এর ফলে প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে পৌঁছানো সম্ভব হবে। তিনি আরো বলেন, মরদেহ আসা মাত্রই ৩০ থেকে ৩৫ হাজার টাকা দেয়া হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন করে প্রবাসে গেলে ১৩ লাখ টাকা দেয়া হয়।
এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসের যাদের লাশ আসবে তাদেরকে ফ্রিজিং এর যে ব্যবস্থাপনা করা হলো এটা শুধু ঢাকায়ই নয় এখন এটা চট্টগ্রাম সিলেটসহ পর্যায়ক্রমে বাংলাদেশের সব জেলায়ই পৌঁছানো হবে।










