সুন্দরবন থেকে হরিণের মাংস ও ফাঁদসহ হানিফ মিস্ত্রি ও তার ছেলে মাসুম মিস্ত্রিকে আটক করেছে বন বিভাগ। গতকাল সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে তাদের আটক করে বন বিভাগ।

এ সময় ১২ কেজি হরিণের মাংস, ৩০০ ফুট ফাঁদ, একটি নৌকা, একটি ট্রলার জব্দ করা হয়। আটককৃতদের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার খেতাছেঁড়া গ্রামে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ডুমুরিয়া এলাকায় নিয়মিত টহলের সময় একটি ট্রলার ও একটি নৌকাকে চ্যালেঞ্জ করা হয়। তখন ট্রলার ও নৌকা বনের পাশে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিকারিরা। এ সময় বনরক্ষীরা হানিফ মিস্ত্রি ও তার ছেলে মাসুম মিস্ত্রিকে আটক করতে সক্ষম হয়। আটক ও পলাতকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।