ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা গেছে, এ সভায় তফসিল চূড়ান্তের পাশাপাশি আরো ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় নির্ধারণ, পোস্টাল ভোটের ব্যালট পেপার আনা-নেয়ার সময় নির্ধারণ, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় কার্যক্রম ও গণভোট আয়োজনের প্রস্তুতি ও লজিস্টিক পরিকল্পনা।

এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে ইসি।

ইসি সূত্রে আরো জানা গেছে, কমিশনের একটি প্রতিনিধিদল আগামী ১০ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। এরপর ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হতে পারে। সে অনুযায়ী আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের নাম প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবার আইন ও বিধি-নীতিমালায় নানা ধরনের সংস্কার হয়েছে। আইন-বিধি অনুসরণে শতভাগ পালনে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হবে।

তিনি আরো বলেন, প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করছি। নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কমিশন কাজ করছে।

তফসিল ঘোষণার পরপরই শুরু হবে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিকতা। এতে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ বিভিন্ন ধাপ সম্পন্ন হবে। একইসঙ্গে গণভোটের প্রস্তুতিও চলবে সমান্তরালভাবে।