নেত্রকোনার কলমাকান্দা ও আটপাড়ায় পৃথক স্থানে খালে ও নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডোবায় ডুবে মারা গেছে ওবাইদুর রহমান নামে দুই বছরের এক শিশু।

তাদের মধ্যে গত শনিবার মারা যায় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামের আমান মিয়ার তিন বছরের ছেলে আরিয়ান। তার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ির সামনে খেলার সময় সবার অলক্ষ্যে সে খালে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করার পর খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকের আহমেদ আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

এদিকে শনিবার আটপাড়া উপজেলার তেলিগাতীর মঙ্গলসিদ্ধ উত্তরপাড়া গ্রামে মগড়া নদীর শাখা তুসাই নদীতে ডুবে মারা গেছে আবিদা আক্তার (৭) নামে এক শিশু। সে আলমগীর হোসেনের মেয়ে। নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী খাল ও নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডোবায় ডুবে ওবাইদুর রহমান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওবায়দুর রহমান উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের শরিফুল ইসলাম বিশ্বাসের ছেলে। গতকাল বিকালে বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।

জঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুদ মোল্লা বলেন, শিশুটি খেলতে খেলতে হঠাৎ ডোবায় পড়ে যায়। পরে ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।