চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম সাফওয়ান, বয়স আনুমানিক নয় থেকে দশ মাস। গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়। চমেকের তথ্য অনুযায়ী, মারা যাওয়া শিশুটি হামের কোনো ভ্যাকসিন নেয়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে জানান, শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল সকালে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি পিআইসিইউতে ভর্তি ছিল।

তিনি আরো জানান, শিশুটি হামেই আক্রান্ত হয়ে মারা গেছে কিনা আমরা নিশ্চিত নই। নমুনা কক্সবাজার থেকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। রিপোর্ট পেলে তবেই নিশ্চিত করে বলতে পারব।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, এ নিয়ে দুইজন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। গত মঙ্গলবার ৬ মাস বয়সী আয়েশা নামের আরেক শিশু মারা গেছে। চমেকে মারা যাওয়া দুই শিশুর বাড়ি কক্সবাজার জেলায়।