জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুর দুইটার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুতের লোড কমানোর জন্য তাৎক্ষণিকভাবে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট ইস্ট এবং আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট নর্থ বিদ্যুৎ কেন্দ্র দুটি বন্ধ করে দেয়া হয়।

এপিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা বণিক বার্তাকে বলেন, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ৪০০ কেভি দুটি সঞ্চালন লাইন আকস্মিকভাবে যান্ত্রিক ত্রুটি দেয়া দেয়। এতে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইন বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুতের লোড কমাতে আশুগঞ্জে দুটি ইউনিট বন্ধ করে দেয়া হয়। বর্তমানে আশুগঞ্জ নর্থ ইউনিটটি ইফতারির পরপরই চালু করা হয়েছে। বাকী লাইনটি চালু করতে হলে ২-৩ দিন সময় লাগতে পারে।

সঞ্চালন লাইন ত্রুটির কারণে জাতীয় গ্রিডে আকস্মিকভাবে দুটি ইউনিট থেকে সরবরাহ করা অন্তত ৫৭০ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়। এর প্রভাব দেখা গেছে রাজধানীতেও। জুমার নামাজের পরপরই অন্তত আধা ঘণ্টার বেশি রাজধানীর কারওয়ান বাজার, বনশ্রী এলাকায় লোডশেডিং হয়।

রাজধানীর একাংশে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) শীর্ষ এক কর্মকর্তা জানান, আশুগঞ্জে বিদ্যুতের দুটি ইউনিট সমস্যা হওয়ায় বিপিডিবি থেকে ডিপিডিসিকে লোড কিছুটা কমাতে বলা হয়। যেকারণে অনেক জায়গায় সাময়িকভাবে বিদ্যুতের কিছুটা ত্রুটি হতে পারে।