বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সব থেকে আধুনিক ও যুগোপযোগী। আমরা প্রকল্প নিচ্ছি। বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবচেয়ে অত্যাধুনিক। গতকাল সকালে বরিশাল বিমানবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সব বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লেকরণ কাজে শিগগিরই হাত দিচ্ছি। যাতে বিমানের স্মুথ ল্যান্ডিং হয়। সঙ্গে সঙ্গে ৭৭৭ বিমান অর্থাৎ বড় বিমান যাতে নামতে পারে সেজন্য রানওয়েকে আরো সাড়ে ৭০০ ফিট বাড়ানোর প্রকল্প আমরা হাতে নেব।
এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিল। দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নেক নজর রয়েছে। আমরা প্রতিমন্ত্রীকে নিয়ে বিমানবন্দর পরিদর্শনে এসেছি, দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে ভালো।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।










