টাঙ্গাইলে করোনাভাইরাসে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান, একই উপজেলায় আরও একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলার দুইজন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জেলা থেকে মোট ৮০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরদিন আরো ১২৬ জনের নমুনা পাঠানো হয়। আজ দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে ১২ জন আক্রান্ত জানানো হয়েছে। এদের মধ্যে ৪ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।